
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, যশোর শাখার উদ্যোগে মাদরাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেয মাওলানা হাবীবুল্লাহ মোহাম্মদ ইকবাল। প্রধান আলোচক ছিলেন যশোর আমিনিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকার পরিচালক এম এম রবিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক ও খুলনা জোনাল ইনচার্জ হাফেয মাওলানা আ খ ম মাসুম বিল্লাহ।
বক্তারা বলেন, পবিত্র কুরআন হিফয করার পাশাপাশি এর শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধ ব্যক্তিজীবনে ধারণ করা জরুরি। আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয় শিক্ষার্থীদের যোগ্য, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে তানযীমুল উম্মাহর শিক্ষা কার্যক্রম প্রশংসনীয়।
প্রধান অতিথি হাফেয মাওলানা হাবীবুল্লাহ মোহাম্মদ ইকবাল বলেন, হাফেজ তৈরি করা একটি মহৎ দায়িত্ব। তবে শিক্ষার্থীদের শুধু হাফেজ হিসেবে নয়, সৎ, আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। কুরআনের শিক্ষা যেন তাদের ব্যক্তিগত জীবন, পরিবার ও সমাজে প্রতিফলিত হয়, সে বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি এম এম রবিউল ইসলাম বলেন, আধুনিক শিক্ষার সঙ্গে কুরআন শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিকতার বিকাশে কাজ করছে তানযীমুল উম্মাহ। ধর্মীয় শিক্ষায় দক্ষতার পাশাপাশি সমসাময়িক জ্ঞান অর্জনের সুযোগ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
প্রধান আলোচক হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, হিফয সম্পন্ন করার পরও কুরআনের সঙ্গে নিয়মিত সম্পর্ক বজায় রাখতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে অভিভাবকেরা মাদরাসার সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা এবং আধুনিক শিক্ষার সঙ্গে হিফয কার্যক্রমের সমন্বয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুরআনের আলোয় আলোকিত হয়ে ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২০২৬ শিক্ষাবর্ষে তানযীমুল উম্মাহর যশোর শাখা থেকে মোট ৩০ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফয সম্পন্ন করেছেন। আগামী ২৬ অক্টোবর ঢাকায় আনুষ্ঠানিকভাবে তাঁদের পাগড়ি পরিয়ে সম্মানিত করা হবে।অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।