
নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর শহরের বারান্দী মোল্যাপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী জিয়াসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রুমা বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে জিয়ার সঙ্গে রুমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে বিভিন্ন বিষয়ে সন্দেহ করে মিথ্যা অপবাদ দিতেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ঠিকমতো ভরণপোষণ না দেওয়া এবং সংসারের বিভিন্ন বিষয় নিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টার অভিযোগও করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, তার বাবা-মায়ের জমিজমা বিক্রি করে টাকা এনে দেওয়ার জন্য স্বামী বিভিন্ন সময় চাপ সৃষ্টি করতেন। এ নিয়ে একাধিকবার সালিশ-বিচার হলেও কোনো সমাধান হয়নি। সংসার টিকিয়ে রাখার আশায় তিনি নিজে কাজ করে স্বামীকে টাকা দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ৬টার দিকে বারান্দী মোল্যাপাড়ার বাসায় সাংসারিক কাজ করার সময় স্বামী তার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করে আহত করা হয় এবং বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগে বলা হয়।
রুমা বেগম আরও দাবি করেন, স্বামীর এমন আচরণের কারণে তিনি নিরাপত্তা নিয়ে শঙ্কিত। পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত হোটেল ব্যবসায়ী জিয়ার কাছে জানতে চাইলে তিনি পুরো বিষয়টি অস্বীকার করে বলেন, “আমার স্ত্রীকে আমি কোন প্রকার নির্যাতন করিনি। আমার নামে যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”