
বিশেষ প্রতিনিধি: দীর্ঘদিন সুনামের সঙ্গে দ্বীনি খেদমত শেষে সম্মান ও ভালোবাসার মধ্য দিয়ে বিদায় গ্রহণ করেছেন স্কুল পাড়া রাজারহাট রেলগেট বাইতুল আমান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিক কাসেমী।
আজ মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের যৌথ উদ্যোগে এক বিশেষ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়কালে খতিব সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে মসজিদ কমিটির পক্ষ থেকে তাঁকে নগদ ৫০ হাজার টাকার চেক এবং বিভিন্ন উপহারসামগ্রী (হাদিয়া) হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইতুল আমান মসজিদ কমিটির সভাপতি মোহাম্মাদ নাসির উদ্দিন ও সেক্রেটারি মাহফুজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিগণ।
বিদায়ের মুহূর্তটিতে এক আবেগঘন ও হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের চেনা আলেম ও দ্বীনি পথপ্রদর্শককে বিদায় জানাতে গিয়ে উপস্থিত অনেক মুসল্লিই অশ্রুসজল হয়ে পড়েন।
বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, “আলেম-উলামাগণ দ্বীনের খাদেম। তাঁদের সম্মানের সঙ্গে বিদায় জানানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। সমাজ ও দ্বীনের খেদমতে মাওলানা আবু বক্কর সিদ্দিক কাসেমীর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠান শেষে মাওলানা সাহেবের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং ভবিষ্যতের বরকতময় পথচলা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।