
নিজস্ব প্রতিবেদক বেনাপোল, যশোর: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতের নাম মোঃ মফিজুর রহমান (২৯)। তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশে এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেনের তত্ত্বাবধানে শনিবার রাত ৮টা ২০ মিনিটে থানার এএসআই (নিরস্ত্র) সুজাউদ্দৌলাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।
পুলিশ জানায়, ৯ আগস্ট রাতে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় গ্রামের মেসার্স শাহ জাল ফিলিং স্টেশনের সামনে বেনাপোল-যশোর মহাসড়কের দক্ষিণ পাশে কবির হোসেনের হার্ডওয়ারের দোকানের সামনে থেকে মফিজুরকে আটক করা হয়। তল্লাশি করে তার হেফাজত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, মফিজুরের নামে আগে থেকেই ৪টি মামলা রয়েছে।
আসামির পরিচয় নাম:মোঃ মফিজুর রহমান (২৯)
পিতা: আলমগীর হোসেন,ঠিকানা: গ্রাম: কাগজপুকুর দক্ষিণপাড়া, ৪ নং ওয়ার্ড, বেনাপোল পৌরসভা, থানা: বেনাপোল পোর্ট, জেলা: যশোর।
বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।