
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় একসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হতো গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্যবাহী নৌকা বাইচ। নদী-খালের বুকে বাহারি নৌকার ছুটে চলা আর বৈঠার ছন্দে মুখর হয়ে উঠত পুরো এলাকা। উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ ছিল ভাঙ্গার লোকজ সংস্কৃতির অন্যতম আকর্ষণ।
তবে কালের বিবর্তনে দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী এ আয়োজন বন্ধ থাকায় হারিয়ে যেতে বসেছে ভাঙ্গার শতবর্ষের পুরোনো নৌকা বাইচের সংস্কৃতি।
স্থানীয়দের দাবি, ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য জাফরউল্লাহ কাজী ও সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সময়েও রেষারেষি থাকায় নৌকা বাইচ আয়োজন নিয়ে নানা আলোচনা থাকলেও দীর্ঘদিন ধরে এ আয়োজন আর নিয়মিত হচ্ছে না। ফলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী সংস্কৃতি।
স্থানীয়দের ভাষ্য, একসময় নৌকা বাইচকে ঘিরে ভাঙ্গার বিভিন্ন নদী-খালের পাড়ে বসত উৎসবের আমেজ। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন প্রতিযোগিতা দেখতে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ নানা শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হতো নৌকা বাইচের আয়োজন।
দীর্ঘদিন ধরে নৌকা বাইচ অনুষ্ঠিত না হওয়ায় নতুন প্রজন্মের অনেকেই এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে ভাঙ্গার লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ এই অংশটি ক্রমেই হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সংস্কৃতিপ্রেমীরা বলেন, ঐতিহ্যবাহী নৌকা বাইচ পুনরায় আয়োজনের উদ্যোগ নেওয়া হলে একদিকে যেমন ভাঙ্গার হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতি সংরক্ষণ করা সম্ভব হবে, অন্যদিকে নতুন প্রজন্মের কাছেও গ্রামবাংলার চিরচেনা এই ঐতিহ্য তুলে ধরা যাবে।
তাদের দাবি, প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংস্কৃতিপ্রেমীদের সমন্বিত উদ্যোগে প্রতিবছর নিয়মিতভাবে নৌকা বাইচের আয়োজন করা হলে ভাঙ্গায় আবারও ফিরে আসতে পারে সেই হারিয়ে যাওয়া উৎসবের আমেজ।