
সোহেল রানা ,যশোর, ০৫ সেপ্টেম্বর ২০২৬: মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
শনিবার সকাল ১০টায় যশোরের কাশিপুর বিওপির সন্নিকটে অবস্থিত বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বীরশ্রেষ্ঠের সমাধিতে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিজিবি কর্মকর্তারা। পরে বীরশ্রেষ্ঠের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সবশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মোঃ মাছেদুল ইসলাম খাঁন। এছাড়া বীরশ্রেষ্ঠের পরিবারবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ এবং চিরস্মরণীয় করে রাখার জন্যই প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। নতুন প্রজন্ম যেন বীরশ্রেষ্ঠদের আত্মত্যাগ থেকে দেশপ্রেমের শিক্ষা নেয়, সেটিই আমাদের প্রত্যাশা।”
উল্লেখ্য, ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি সীমান্তে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শাহাদত বরণ করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। তাঁর সমাধি কাশিপুর সীমান্তে অবস্থিত।