
নিজস্ব প্রতিবেদক, যশোর:যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ হিজলী ও শাহজাদপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় ২৫ বোতল ESCUF সিরাপ (নেশা জাতীয়), ৭ প্যাকেট ঘাসের বীজ ও ২৪ প্যাকেট কীটনাশক, ৩৫টি শাড়ী, ৩টি কম্বল, ১টি চাদর, ৬ প্যাকেট ফুসকা, ৪ কেজি কিসমিস ও ১৩৬টি কসমেটিক্স সামগ্রী। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ২৮ হাজার ৪২০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।