
নিজেস্ব প্রতিবেদক, যশোর:সারাদেশে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন যশোরের বিরোধী দলীয় ৫ জন সংসদ সদস্য।
লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, সারা দেশের ন্যায় যশোরের ৯৩টি ইউনিয়ন ও ৮টি পৌরসভায় সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। সরকার দলীয় উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা কেন্দ্র ও জেলা বিএনপি নেতৃবৃন্দের সহায়তায় অবৈধ লেনদেনের মাধ্যমে সারের ডিলারের লাইসেন্স পেয়েছে। ফলে প্রকৃত ব্যবসায়ী ও কৃষির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, যশোরে ৫টি আসনে বিরোধী দলের এমপি থাকলেও তাদের পরামর্শ ও সুপারিশের কোনো গুরুত্ব না দিয়ে জেলা প্রশাসক সরকারি দলের দেওয়া তালিকা চূড়ান্ত করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এক্ষেত্রে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি মাদকসহ আটক কারবারির স্ত্রী, একাধিক চোরাচালানি মামলার আসামি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনেক কর্মী-সমর্থকও ডিলারশিপ পেয়েছে, যা দেশ ও জাতির জন্য ক্ষতির কারণ।
আরও অভিযোগ করা হয়, জেলা ও উপজেলা পর্যায়ে সার-বীজ মনিটরিং কমিটিতে প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও সামাজিক, কৃষক ও ব্যবসায়িক বিবেচনায় তিন জনকে কমিটির অন্তর্ভুক্ত করার নির্দেশনা থাকলেও জামায়াতের পাঁচজন এমপির কোনো পরামর্শ গ্রহণ করা হয়নি। উপজেলা ও জেলা বিএনপি থেকে সকল সদস্য দেওয়া হয়েছে যা দুঃখজনক।
সংবাদ সম্মেলনে এভাবে দলীয়করণ ও দুর্নীতির মাধ্যমে এবং সরকারি নিয়ম-নীতিকে উপেক্ষা করে ডিলার নিয়োগ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে ডিলারশিপ বাতিল করে নিয়ম মেনে প্রকৃত ও যোগ্য ব্যবসায়ীদের নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়।
পাঁচজন সংসদ সদস্যের পক্ষে লিখিত বক্তব্যে স্বাক্ষর করেন অধ্যাপক গোলাম রসুল এমপি, জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা।