
মালিকুজ্জামান কাকা:যশোরের বেনাপোল স্থল বন্দর এলাকায় বাড়ি নির্মাণ করতে গেলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে এলাকার এক চক্র। এই অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রবাস ফেরত হযরত আলী (৬৭)। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অস্ত্র নিয়ে হামলা, হত্যাচেষ্টা এবং জমি দখলের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। এ ঘটনায় আদালতে মামলা করেও পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। মঙ্গলবার ২০ অক্টোবর দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন ভুক্তভুগিরা। উপস্থিত ছিলেন হজরত আলীর ভাইপো রাসেদুল ইসলাম মাসুম ও শালা আলমগীর।
মামলার আরজিতে উল্লেখ, গত ৬ সেপ্টেম্বর সকালে বাড়ি নির্মাণের কাজ চলাকালে অভিযুক্ত ব্যক্তিরা পিস্তল, রামদা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হযরত আলীসহ কয়েকজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এলাকার মান্নানের ছেলে কাসেম, মোকলেচুরের ছেলে নাজমুল ও মোজাম্মেল, হাসেমের ছেলে সদু, সাত্তারের ছেলে মোকলেছুর, মান্নানের ছেলে আক্তার, কাসেমের ছেলে ইয়ানুর, হাসেমের ছেলে মোস্তফা ল্যাটা এই চাঁদা দাবি করেছে। এ বিষয়ে ভুক্তভুগি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেনাপোল পোর্ট আমলী আদালত যশোরে মামলা করেছেন।
অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং পরিবারের জমিজমা দখলের হুমকি দেওয়া হয়। অভিযুক্ত প্রধান আসামি কাসেম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করে বেনাপোল পোর্ট আমলি আদালতে মামলা করেছেন হযরত আলী। তবে মামলা করার পরও অভিযুক্ত ব্যক্তিদের হুমকিতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীন রয়েছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।