
মফিজুর রহমান, বাঁকড়া (ঝিকরগাছা):যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় জাতীয় তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে এসব কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘ই-সিগারেট/ভেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করুন, শিশু ও তরুণদের রক্ষা করুন’।
সকাল সাড়ে নয়টায় বাঁকড়া বাজারের পাঁচ রাস্তার মোড় থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি কপোতাক্ষ সেতু প্রদক্ষিণ করে প্রেসক্লাব বাঁকড়ায় গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঁকড়া বাজারের সমাজসেবী ও মাটশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি রবিউল ইসলাম। সভায় মুখ্য আলোচক ছিলেন পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক ও প্রেসক্লাব বাঁকড়ার সভাপতি মুহা. আবুল কালাম আজাদ।
সভায় বক্তব্য দেন বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন খান, জ্যেষ্ঠ শিক্ষক ইসমাইল হোসেন, প্রেসক্লাব বাঁকড়ার সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর এবং বাঁকড়া কপোতাক্ষ যুব সংসদের সভাপতি হাফিজুর রহমান।
বক্তারা তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে শিশু-কিশোর ও তরুণদের এসব পণ্যের ব্যবহার থেকে রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আসাদুল ইসলাম, ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান ও হাফিজুর রহমান শিল্পী এবং সাংবাদিক মফিজুর রহমান, তারেকুজ্জামান, শাহাবুদ্দীন, আরিফ বিল্লাহ ও আবু মুছা। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ তামাকবিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, পল্লী প্রগতি সংস্থা, প্রেসক্লাব বাঁকড়া এবং বাঁকড়া কপোতাক্ষ যুব সংসদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।