
মোঃ ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ: মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যুবসমাজকে খেলাধুলা ও সুস্থ-ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ঝিনাইদহে প্রথমবারের মতো আয়োজন করা হলো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।
মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় ঝিনাইদহ পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ মোসফেকুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মোঃ ফাহিম ফায়সাল।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।
এবারের চ্যাম্পিয়নশিপে ঝিনাইদহ জেলার ৬টি পুরুষ দল ও ৬টি নারী দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে পুরুষ বিভাগে ঝিনাইদহ সদর থানা দলকে পরাজিত করে কোটচাঁদপুর থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে নারী বিভাগে শৈলকুপা থানা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঝিনাইদহ সদর থানা দল।
পরে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশ জানায়, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য সুদৃঢ় করার পাশাপাশি তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধ থেকে দূরে রাখতেই এ আয়োজন। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।