
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):খুলনার ডুমুরিয়া উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষি উৎপাদনের জন্য রাসায়নিক সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, ডিলার পয়েন্ট ও গুদামগুলোতে সব ধরনের সারের স্বাভাবিক সরবরাহ বজায় থাকায় আসন্ন ফসল উৎপাদনে কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই। পর্যাপ্ত মজুদ ও প্রশাসনের নিয়মিত তদারকির ফলে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা বাম্পার ফলনের আশা করছেন।
উপজেলা কৃষি কার্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ডুমুরিয়ায় ১৪৮ মেট্রিক টন ইউরিয়া, ৯৮ মেট্রিক টন টিএসপি, ১৫৯ মেট্রিক টন ডিএপি এবং ১১১ মেট্রিক টন এমওপি সার মজুদ রয়েছে। এর পাশাপাশি চলতি নভেম্বর মাসে কৃষকদের চাহিদার কথা বিবেচনা করে অতিরিক্ত আরও ২০০ মেট্রিক টন ইউরিয়া, ২০০ মেট্রিক টন টিএসপি এবং ২০০ মেট্রিক টন এমওপি সার বরাদ্দ দেওয়া হয়েছে। চাহিদার তুলনায় এই মজুদ ও বরাদ্দ অত্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছে কৃষি বিভাগ।
সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ডিলার পয়েন্ট ও বাজার ঘুরে দেখা গেছে, কৃষকরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার সংগ্রহ করতে পারছেন। খর্নিয়া ও চুকনগর এলাকার কয়েকজন প্রান্তিক কৃষক জানান, গত কয়েক মৌসুমের তুলনায় এবার সারের সরবরাহ বেশ ভালো। বোরো ধান, সরিষা ও শীতকালীন সবজি আবাদের শুরুতেই হাতের নাগালে সার পাওয়ায় চাষাবাদে গতি এসেছে।
সার্বিক বিষয়ে ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজমুল হুদা বলেন, “চলতি রবি মৌসুমে উপজেলার প্রধান ফসল বোরো ধানসহ সরিষা, আলু ও শীতকালীন শাকসবজির আবাদ নির্বিঘ্নে সম্পন্ন করতে এই সার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের বর্তমান মজুদের পাশাপাশি নভেম্বর মাসে ইউরিয়া, টিএসপি ও এমওপি সারের যে অতিরিক্ত বরাদ্দ এসেছে, তাতে উপজেলায় সারের কোনো ঘাটতি থাকার সুযোগ নেই। মাঠ পর্যায়ে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ ও সারের সুষম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছেন।”
সারের বাজার নিয়ন্ত্রণ ও তদারকি প্রসঙ্গে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকরা যাতে সহজেই সার সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে সকল বিসিআইসি ও বিএডিসি ডিলারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যেন সারের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দাম নিতে না পারে, সেজন্য বাজারগুলোতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়ম পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা পর্যায়ের সার্বিক প্রস্তুতি নিয়ে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, “খুলনা জেলার অন্যতম কৃষিপ্রধান উপজেলা ডুমুরিয়া। ৬০০ইউরিয়া ১০০০টিএস পি ১০০০পটাশ মজুদ রয়েছে।
এ অঞ্চলের খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে আমরা মৌসুমের শুরু থেকেই সারের চাহিদা নিরূপণ করে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করেছি। ডিলারদের গুদামে সার মজুদ রাখা এবং কৃষকের দোরগোড়ায় তা পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়াটি জেলা ও উপজেলা পর্যায় থেকে নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। আশা করছি, অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত সার সরবরাহের ফলে এ বছর ডুমুরিয়ায় ফসলের বাম্পার উৎপাদন হবে।”