
নিজস্ব প্রতিবেদক: খুলনার দৌলতপুরে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালানোর সময় সন্দেহভাজন মাদক কারবারি ও অস্ত্রধারীদের সঙ্গে এসআরবি সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) রাত ২টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা রোড সংলগ্ন কেডিএ মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে অজ্ঞাতনামা মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীরা এসআরবি সদস্যদের প্রতিরোধের চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে এসআরবি সদস্যরা তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। পরে রাতের অন্ধকারে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়।
অভিযান শেষে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
এসআরবি-৬ কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।