
পারভেজ আলী মোহর বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি :
যশোরের বাঘারপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি, একাধিক ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। ইতোমধ্যে এ মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের মৃত গোলাম রসুল শিকদারের ছেলে মনিরুল ইসলাম (৪৬) বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন—নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যশোর জেলা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সরদার, নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজীদ হোসেন।যুবলীগ নেতা কামরুজ্জামান লিটন সাদেকুর রহমান। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, আসামিদের কয়েকজনকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ১০, ১১ ও ১২ ধারায় মামলা করা হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।