
নিজস্ব প্রতিবেদক:মাগুরার শালিখায় বিএনপি নেতা মশিউর রহমান নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার মাগুরা ডিবি পুলিশ বরিশাল থেকে তাকে আটক করে। মাগুরা ডিবির পরিদর্শক কামরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। একই মামলায় এসআই ইসমাইল হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে বিএনপি নেতা মশিউর রহমান নিহত হন। সে সময় শালিখা থানার ওসি ছিলেন বিপ্লব কুমার নাথ।
ঘটনার ৯ বছর পর ২০২৪ সালে নিহতের বাবা বাদী হয়ে ওসি বিপ্লবসহ জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
গ্রেপ্তারকৃত বিপ্লব কুমার নাথ যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের ভাগ্নে। তিনি সর্বশেষ মোংলা টুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন। এর আগে তিনি শালিখা, আলমডাঙ্গা, কলারোয়া, পাটকেলঘাটা, কেশবপুর ও মনিরামপুর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।