
মোঃ ফজলুল কবির গামা;বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:ঝিনাইদহ জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পুলিশিং সেবাকে আরও দক্ষ, পেশাদার, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের চলমান বহুমাত্রিক কার্যক্রমের অংশ হিসেবে এ ক্যাম্প প্রশিক্ষণের আয়োজন করা হয়। কনস্টেবল থেকে নায়েক, কনস্টেবল থেকে এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে পরীক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা। পরীক্ষা গ্রহণ কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন এবং কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ।
ক্যাম্প প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। ভবিষ্যতে কোনো অপশক্তি যাতে জনশৃঙ্খলা, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সর্বদা সতর্ক থাকতে হবে। একই সঙ্গে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও পুলিশের প্রতি মানুষের আস্থা নিশ্চিত করতে হবে।
পুলিশ সুপার আরও বলেন, বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল পুলিশ সদস্যদের নেতৃত্বের পরবর্তী ধাপে উন্নীত করার পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ আরও সমৃদ্ধ হবে। এ ধরনের প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে পুলিশের দক্ষতা বৃদ্ধি পেয়ে জনসেবার মান আরও উন্নত হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার মোঃ ফাহিম ফায়সাল, আরআই, পুলিশ লাইন্স ঝিনাইদহ, আরও-১, রিজার্ভ অফিস ঝিনাইদহসহ ক্যাম্প প্রশিক্ষণে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।