
নিজস্ব প্রতিবেদক, যশোর :
যশোরের মনিরামপুর উপজেলার ১০নং মশ্বিমনগর ইউনিয়নে ভোট প্রদান প্রসঙ্গকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামী সমর্থক লুৎফর রহমান (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি সমর্থক মোঃ আবু মেম্বর ও সাকিব হোসেন পারখাজুরা বাজারে জামায়াতে ইসলামী সমর্থক লুৎফর রহমানের কাছে জানতে চান তিনি কোন প্রতীকে ভোট দেবেন। এ সময় লুৎফর রহমান জামায়াতে ইসলামীকে ভোট দেবেন বলে জানালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিএনপি সমর্থকরা জামায়াতে ইসলামীকে ‘রাজাকারদের দল’ বলে কটূক্তি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে আবু মেম্বর ও সাকিব হোসেন লুৎফর রহমানকে মারধর করলে তিনি সামান্য আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।