
মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে অস্ত্রের মুখে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে মারধর করে নগদ ৪ লাখ টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় এবং দুটি মোটরসাইকেল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার মানিকদহ ইউনিয়নের সাদিরপুর গ্রামে সুশীল সাহার বাড়িতে এ ঘটনা ঘটে। সুশীল সাহা মৃত বিজয় কৌশল সাহার ছেলে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, একটি মাইক্রোবাসে করে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল বাড়িতে আসে। পরে চারটি তালা কেটে তারা ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাত দলের কয়েকজনের হাতে পিস্তল ও রাইফেলসদৃশ অস্ত্র ছিল বলে জানান তারা।
পরিবারের সদস্য জানান, বাড়ির নিচতলার একটি কক্ষে থাকা জয় সাহা (২৭), রীতা সাহা (৫৫) ও সুশীল সাহাসহ কয়েকজনকে হাত-পা ও মুখ বেঁধে মারধর করে ডাকাত দল সদস্যরা। পরে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় এবং
ডাকাতরা বাড়িতে থাকা দুটি মোটরসাইকেলও নিয়ে যায়। এর মধ্যে একটি ডিসকভার ১৩৫ সিসি এবং অপরটি হিরো ১০০ সিসি বলে অভিযোগ করেন।
পরিবারের দাবি, ঘটনার আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে খাবার খাওয়ার পর পরিবারের কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এরপর রাতেই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত, লুট হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।