
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
জমি দখল, ১০ লাখ টাকা চাঁদা দাবি, হুমকি ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে শাহিদুল তালুকদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জ পৌরসভার শিশুবন এলাকার একটি ভুক্তভোগী পরিবার।
শুক্রবার গোপালগঞ্জ প্রেসক্লাবের হলরুমে পরিবারের পক্ষে এক নারী লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাঁদের বসতবাড়ির একটি অংশ দখলের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তাঁদের হুমকি দেওয়া এবং মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পরিবারটির অভিযোগ, সর্বশেষ একটি সালিসে তাঁদের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। এ সময় তাঁর অসুস্থ স্বামীকে ধাক্কা দিয়ে আহত করা হয়েছে বলেও দাবি করেন ওই নারী।
সংবাদ সম্মেলনে পরিবারটি জমি নিয়ে বিরোধের সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।
অভিযোগের বিষয়ে শাহিদুল তালুকদার ও জাফরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।