
নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনই মূল লক্ষ্য বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আজ এক প্রেস ব্রিফিংয়ে এসআরবি জানায়, গত ১০ অক্টোবর মহালয়ার মাধ্যমে দুর্গোৎসব শুরু হয়েছে এবং আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজার কার্যক্রম শেষ হবে।
এসআরবি ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা বিবেচনায় নিয়ে গত ১৩ অক্টোবর থেকে স্পেশাল টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসআরবি-৬ এর দায়িত্বপূর্ণ ৮টি জেলায় মোট ৫ হাজার ৩৫৪টি পূজা মণ্ডপ রয়েছে, যার মধ্যে খুলনা জেলা ও মহানগর মিলিয়ে ৩৯৪টি মণ্ডপে পূজার কার্যক্রম চলমান রয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, পূজা মণ্ডপগুলোকে প্রথমে জেলা এবং পরে উপজেলা ভিত্তিক ভাগ করে প্রতিটি উপজেলার জন্য ফোকাল পয়েন্ট অফিসার নির্ধারণ করা হয়েছে। ফোকাল পয়েন্ট অফিসাররা তাদের নিয়ন্ত্রণাধীন টহল দল নিয়ে মণ্ডপ পরিদর্শন করছেন।
শারদীয় দুর্গোৎসবকে সফল ও নির্বিঘ্ন করতে তিন স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। প্রথম স্তরে টহল দল সরেজমিনে মণ্ডপ ভিজিট ও শহর-উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাচ্ছে। দ্বিতীয় স্তরে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং তৃতীয় স্তরে দ্রুত রেসপন্সের জন্য রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া এসআরবি সদর দপ্তরে কেন্দ্রীয়ভাবে সাইবার মনিটরিং এবং আঞ্চলিক পর্যায়ে ব্যাটালিয়নে সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারির মধ্যে রাখা হয়েছে, যাতে কোনো থ্রেট বা দুর্ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নেওয়া যায়।
ইতোমধ্যে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় মিটিং সম্পন্ন হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।