
নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনে বিশেষ অভিযান পরিচালনা করে ১৪টি আগ্নেয়াস্ত্র, ২৭৪ রাউন্ড তাজা গুলিসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি।
এসআরবি ফোর্সেস জানায়, ইউনেস্কো ঘোষিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে নিরাপদ ও জলদস্যুমুক্ত রাখতে তারা নিরলসভাবে অভিযান পরিচালনা করে আসছে। এই বনের ওপর জেলে, বাওয়ালি, মৌয়ালসহ প্রায় ২৫ লক্ষ মানুষ সরাসরি জীবিকা নির্বাহের জন্য নির্ভরশীল। দীর্ঘদিন ধরে জলদস্যুদের অপহরণ ও মুক্তিপণ আদায় বনজীবিদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল।
দস্যুতা নির্মূলে এসআরবি-৬, কোস্ট গার্ড, নৌ-পুলিশ, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গত ০৯ অক্টোবর দ্বিতীয় দফায় সুন্দরবনে সক্রিয় “আলিফ বাহিনীর” দুটি গ্রুপের মোট ১৫ জন সদস্য এসআরবি-৬ এর কাছে আত্মসমর্পণ করে।
এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত তিন দিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসআরবি উদ্ধার করে—১। ০১টি বিদেশি শটগান,২। ০৪টি দোনলা বন্দুক,৩। ০৯টি ওয়ান শুটারগান,৪। ২৭৪ রাউন্ড তাজা গুলি ও ২৩টি খালি কার্তুজ,৫। ০৭টি ওয়াকিটকি সেট,৬। ০৬টি বুলেটপ্রুফ জ্যাকেট।

এসআরবি-৬ এর পক্ষ থেকে সুন্দরবনে সক্রিয় যেসব জলদস্যু এখনো আত্মসমর্পণ করেনি, তাদের দস্যুতার পথ ছেড়ে আলোর পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। আত্মসমর্পণ করলে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসের পাশাপাশি অপরাধ অব্যাহত রাখলে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং উপকূলীয় অঞ্চলের মেহনতি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৬।