
বাঁকড়া (ঝিকরগাছা) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার বাঁকড়ায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এসব চারা বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে প্রেসক্লাব বাঁকড়া। কর্মসূচিতে বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ, দিগদানা খোশালনগর মাধ্যমিক বিদ্যালয়, সোনাকুড় জাকারিয়া দাখিল মাদ্রাসা ও উজ্জ্বলপুর শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের মধ্যে মেহগনি ও অর্জুনের চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান। সঞ্চালনা করেন শিক্ষক সহিদুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মিজানুর রহমান, প্রেসক্লাব বাঁকড়ার সভাপতি মুহা. আবুল কালাম আজাদ, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিস উর রহমান এবং দিগদানা খোশালনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আনিসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এম. সাইফুল্লাহ বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা করে বাঁচিয়ে রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রতিটি বৃক্ষের চারা বাঁচিয়ে রাখতে হবে।’
এ সময় তিনি বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
প্রেসক্লাব বাঁকড়ার এ কর্মসূচিতে অর্থায়ন করেন হাজিরবাগের মেজর (অব.) মেহেদী হাসান বুলবুল।
অনুষ্ঠানে চার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ প্রেসক্লাব বাঁকড়ার সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, অর্থ সম্পাদক শাহাবুদ্দিন সাহেব আলী, সদস্য মফিজুর রহমান, শাওন ও আরিফ বিল্লাহ উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান
বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা শেষে ইউএনও এম. সাইফুল্লাহ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করেন। তিনি বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান।
পরে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও উপস্থিত সুধীজনের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।