
নিজেস্ব প্রতিবেদক: খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার ইসলাম রকিকে গ্রেফতার করেছে এসআরবি।
গত ১২ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় এসআরবি-৬ ও এসআরবি-৮ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার শিবচর থানাধীন ডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. শাহরিয়ার ইসলাম রকি (পিতা- মৃত মো. শাহজাহান) খুলনা সদরের ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেন এলাকার বাসিন্দা। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী নুরাজিমের আপন ভাই।
এসআরবি জানায়, সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাংচুরের ঘটনায় নুরাজিম বাহিনীর নাম উঠে আসে। এছাড়া এই গ্রুপের বিরুদ্ধে খুলনা শহরে মাদক ব্যবসা, হত্যা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত রকির বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় ৩টি হত্যা মামলা ও ৪টি মাদক মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাকে খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।