
টাকা ও পাসপোর্ট ফেরতসহ অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি
যশোর অফিস: গত ১৬ সেপ্টেম্বর আদম ব্যবসায়ী আনোয়ার হোসেনের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ওবায়দুর রহমান ও আব্দুল করিম। সোমবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়া, জাল ভিসা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে ওবায়দুর রহমান দাবি করেন, তার ছেলে ও শ্যালককে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে বিভিন্ন সময়ে আনোয়ার হোসেনকে মোট ৪ লাখ টাকা দেন তিনি। তার ছেলেকে সিঙ্গাপুরের একটি ভিসা দেওয়া হলেও পরে সেটি জাল বলে জানতে পারেন। আর শ্যালক মিকাইল হোসেনকে মালয়েশিয়ায় পাঠানো হলেও বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভিসা জাল বলে তাকে দেশে ফেরত পাঠায় দেয়।
তিনি বলেন, টাকা ফেরত চেয়ে দীর্ঘদিন চেষ্টা করেও ফল না পাওয়ায় ২০০৭ সালের ১০ মে সেনা ক্যাম্প কমান্ডারের কাছে অভিযোগ করেন তিনি। পরে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদে তদন্ত ও শুনানির জন্য পাঠানো হয়। তবে অভিযুক্ত আনোয়ার হোসেন শুনানিতে উপস্থিত হননি।
অপর অভিযোগকারী আব্দুল করিম বলেন, সিঙ্গাপুর যাওয়ার জন্য ২০০৪ সালের ২৫ ডিসেম্বর ৩ লাখ টাকা, ২০০৫ সালের ৩ ফেব্রুয়ারি ৫৫ হাজার টাকা এবং একই বছরের ২ এপ্রিল ১ লাখ টাকা আনোয়ার হোসেনকে দেন। এ সময় তার পাসপোর্টও নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন পার হলেও টাকা ও পাসপোর্ট ফেরত পাননি বলে দাবি করেন তিনি।
আব্দুল করিম জানান, এ ঘটনায় গত ২ জুন প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেছেন। মামলাটি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ১৬ সেপ্টেম্বর ঝিকরগাছার বারকপুর গ্রামের আনোয়ার হোসেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা ও আদম ব্যবসার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তারা বলেন, তাদের বক্তব্য ও আনোয়ার হোসেনের বক্তব্যের নথিপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্ত করা হোক।
এ সময় তারা আনোয়ার হোসেনের বিরুদ্ধে আরও কয়েকজনের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ করেন। তাদের মধ্যে যশোর সদরের তেঘরী গ্রামের ওহায়েদ আলীর কাছ থেকে ২০ লাখ টাকা, ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের মনিরা বেগমের কাছ থেকে ৩ লাখ ৮৫ হাজার টাকা, বাগআঁচড়ার কবীরের কাছ থেকে ১৭ লাখ টাকা এবং ঢাকার সুলতানার কাছ থেকে ১৭ লাখ ১৬ হাজার টাকা নেওয়ার অভিযোগের কথা তুলে ধরেন তারা।
সংবাদ সম্মেলনে ওবায়দুর রহমান ও আব্দুল করিম বলেন, তারা কারও সম্মানহানি করতে চান না। প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগগুলো তদন্ত এবং সত্যতা যাচাইয়ের দাবি জানান। সংবাদ সম্মেলনে রিয়াদ ইসলাম বাপ্পি, মাহবুবুর রহমান সোহেল, আনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।