
নিজেস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ নভেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
অভিযানে ভারতীয় ১২৭টি শাড়ী, ৩টি থ্রি-পিস, ২টি টু-পিস, ৭২টি কম্বল, ৩৫টি চাদর, ৩ কেজি জিরা, ১৬ প্যাকেট ফুসকা, ৩.৫ কেজি কিসমিস, ৬ প্যাকেট সনপাপড়ি, ২৪টি চকলেট, ৩ প্যাকেট আমসত্ত্ব ও ১৫৩৯টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ ৯০ হাজার ৪০০ টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।