
বিশেষ প্রতিবেদক : যশোরে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. ফৌজিয়া হাফসা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইকবাল হোসেন যশোরের বেনাপোলের বোয়ালিয়া গ্রামের ওহাবের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ অক্টোবর সকাল ৬টার দিকে বেনাপোল বাজারে এক ব্যক্তি হেরোইন নিয়ে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালায়। এ সময় বাজারের রাজ বেকারির সামনে থেকে ইকবাল হোসেনকে আটক করা হয়। পরে তার পরিহিত পাঞ্জাবির পকেট থেকে পাঁচটি পুঁটলিতে মোট ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে এসআই সুজিত কুমার মৃধা ইকবালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সোমবার এ রায় দেন।