
পাপন চৌধুরী, ঝিনাইদহ প্রতিনিধি:জাতীয় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্বে কাবাডিতে রানার্সআপ হয়ে ঝিনাইদহের নাম উজ্জ্বল করল শৈলকুপার তিন কিশোরী। খুলনা বিভাগের হয়ে লড়াই করে তারা দেখিয়ে দিল, প্রত্যন্ত এলাকার মেয়েরাও পারে জাতীয় মঞ্চ কাঁপাতে।
ঢাকার মিরপুর স্টেডিয়ামে বসা ফাইনালের এই লড়াইয়ে শৈলকুপার কাতলাগাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তিন শিক্ষার্থী জিনিয়া খাতুন, মীম খাতুন ও সুমাইয়া ইয়াসমিন খুলনা অঞ্চলের বালিকা কাবাডি দলের মূল শক্তি ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামানের সরাসরি তত্ত্বাবধানে অনুশীলন করে আসা দলটি টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখায়।
ফাইনালে রংপুর অঞ্চলের কাছে হেরে খুলনা রানার্সআপ হলেও, ম্যাচের নায়িকা হয়ে ওঠেন শৈলকুপার জিনিয়া খাতুন। আক্রমণ ও রক্ষণে তার অসাধারণ দক্ষতার জন্য তিনি ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর সম্মাননা পান। এই স্বীকৃতি শুধু জিনিয়ার নয়, পুরো ঝিনাইদহের ক্রীড়াঙ্গনের জন্য নতুন অনুপ্রেরণা।
এই ঐতিহাসিক সাফল্যের জন্য তিন কিশোরীকে অভিনন্দন জানিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন এবং জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।
জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ বলেন, “কাতলাগাড়ীর মতো প্রত্যন্ত এলাকার একটি স্কুল থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে রানার্সআপ হওয়া এটা শুধু একটি বিদ্যালয়ের অর্জন না। এটা শৈলকুপা এবং গোটা ঝিনাইদহ জেলার জন্য গর্বের।”
জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, এই সাফল্য জেলার অন্য শিক্ষার্থীদের খেলার মাঠে নামতে উৎসাহিত করবে। ভবিষ্যতে ঝিনাইদহ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও খেলোয়াড় উঠে আসবে বলেও তিনি প্রত্যাশা করেন।
উল্লেখ্য, এবারের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাবাডির জাতীয় শিরোপা ঘরে তুলেছে রংপুর অঞ্চল।