
শাব্বির আহমেদ খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানা পুলিশ ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি জয়নাল আবেদীন গাইন (৩৭)।
হরিণটানা থানার মামলা নং-০৭, তারিখ ২৪/০৫/২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর ভিকটিম মোঃ ডালিম গাজী হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার ১৩/০৬/২০২৬ দুপুর ১:৪০টার দিকে কৈয়া বাজার বিধান সড়কের অস্থায়ী ডে-লেবার হাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসামি জয়নাল আবেদীন গাইন, পিতা-কাশেম গাইন, সাং-জগদীশকাঠি ০৯ নং ওয়ার্ড, চম্পাফুল ইউনিয়ন, থানা-কালীগঞ্জ, জেলা-সাতক্ষীরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে, ভিকটিম ডালিম গাজীর কাছে ২০০ টাকা ধার নিয়ে ঝগড়া ও মারামারির জেরে ঘটনার দিন রাত ৪টার দিকে মসজিদের পাশ থেকে ইট নিয়ে ঘুমন্ত ডালিমের মাথায় সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ডালিম মারা যায়। পরে ভিকটিমের লুঙ্গির কোঁচড়ে থাকা ৪,০০০টাকা নিয়ে সে মসজিদ থেকে চলে যায়। ঘটনার পর আসামি দীর্ঘদিন নিজ বাড়িতে পলাতক ছিল বলে জানায়।
হরিণটানা থানা পুলিশ জানায়, আসামিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।