যশোর প্রতিনিধি: যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর বার্তা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে যশোর প্রেসক্লাবের মরহুম সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে যশোর বার্তা পরিবার।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। তেলাওয়াত শেষে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান পত্রিকার বিভিন্ন এলাকার প্রতিনিধিরা। পরে শুরু হয় শুভেচ্ছা বক্তব্য পর্ব।
এ সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিন উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দায়িত্বশীলতা ও সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে আমন্ত্রিত অতিথিরা একে একে বক্তব্য দেন এবং দৈনিক যশোর বার্তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা পর্ব শেষে যশোর বার্তা পরিবার, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় যশোর বুলেটিন পরিবারের পক্ষ থেকেও দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের সাফল্যের পাশাপাশি দৈনিক যশোর বার্তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। জবাবে অধ্যক্ষ শিহাব উদ্দিন যশোর বুলেটিন পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা শেষে শহরের অভিজাত ভোজনবাড়ি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজে অংশ নেন পত্রিকা পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত ঐক্যের এক সুন্দর পরিবেশ তৈরি হয়। অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজন গণমাধ্যমের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।