বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বাঁকড়া (ঝিকরগাছা) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার বাঁকড়া বাজারের প্রধান সড়কের বড় অংশ দিনের বিভিন্ন সময়ে দখল করে থাকে ইজিবাইক, ভ্যান, ট্রাকসহ বিভিন্ন যানবাহন। কোথাও সড়কের ওপর পণ্য ওঠানামা করা হয়। আবার ফুটপাত দখল করে বসেন দোকানি ও হকাররা। এতে বাজারের উত্তর প্রান্তের পাঁচরাস্তা মোড় ও দক্ষিণ প্রান্তের চাররাস্তা মোড় (গবিন্দমোড়) এলাকায় প্রায়ই যানজটের সৃষ্টি হয়। শনিবার ও মঙ্গলবারে (হাটবার) পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১০টা, বিকেল ও সন্ধ্যার দিকে বাজারে যানবাহনের চাপ বাড়ে। হাটবারে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট দীর্ঘ হয়। এতে বাজারের ভেতর দিয়ে চলাচলকারী যাত্রী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পাঁচরাস্তা ও গবিন্দমোড়ের দুই পাশে ইজিবাইক, ট্রাকসহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে আছে। কোথাও রাস্তার পাশে আবার কোথাও সড়কের ওপর যানবাহন রাখা হয়েছে। পণ্য ওঠানামার সময়ও কিছু যানবাহন সড়কের জায়গা দখল করে রাখে। এতে দুই দিকের যানবাহনকে অপেক্ষাকৃত সরু অংশ দিয়ে চলাচল করতে হয়।

বাঁকড়া বাজারের সঙ্গে যশোর ও ঝিকরগাছা উপজেলা সদর, শার্শার বাগআঁচড়া, নাভারণ ও বেনাপোল, মনিরামপুরের রাজগঞ্জ ও উপজেলা সদর এবং কলারোয়ার খোরদ্দ ও উপজেলা সদরের সড়ক যোগাযোগ রয়েছে। এসব এলাকার মানুষ প্রতিদিন নানা প্রয়োজনে বাঁকড়া বাজার হয়ে যাতায়াত করেন।

বাজারের ওপর দিয়ে বাস, ট্রাক, পিকআপ, অটোরিকশা, ইজিবাইক, ভ্যান, রিকশা ও মোটরসাইকেল চলাচল করে। এর সঙ্গে থাকে পথচারীদের চাপ। ফলে সড়কের একটি অংশ দখল হয়ে গেলে যান চলাচলে দ্রুত এর প্রভাব পড়ে।

বাজারের কয়েকটি স্থানে ফুটপাত দখল করে দোকান ও হকার বসতে দেখা গেছে। ফলে পথচারীদের মূল সড়ক দিয়ে চলাচল করতে হয়। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, যানজটের কারণে মাঝেমধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটে। চালক ও পথচারীদের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটে। কখনো তা মারামারিতে গড়ায়।

বাঁকড়া বাজারের এক ব্যবসায়ী বলেন, সকাল ১০টা, বিকেল ও সন্ধ্যার দিকে যানজট বেশি হয়। গাড়ি আটকে গেলে দোকানের সামনে ক্রেতাদের চলাচল ব্যাহত হয়। এতে ব্যবসায়ীদেরও সমস্যায় পড়তে হয়।

এক পথচারী বলেন, পাঁচরাস্তা ও গবিন্দমোড়ে রাস্তা পার হওয়া কঠিন হয়ে পড়ে। বিভিন্ন দিক থেকে একসঙ্গে যানবাহন আসায় শিশু ও বয়স্ক ব্যক্তিদের বেশি ভোগান্তি হয়।

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম বলেন, মফস্বল এলাকার বাজারের যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব সরাসরি পুলিশ তদন্ত কেন্দ্রের ওপর পড়ে না। তবে যানজট নিরসনে পুলিশ বিভিন্ন সময় সহযোগিতা করে। এ ক্ষেত্রে বাজার কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। সড়কের ওপর মালামাল রাখা, হকারদের অবস্থান এবং ইজিবাইক ও ভ্যান রাখার বিষয়টি নিয়ন্ত্রণ করা গেলে যানজট কমানো সম্ভব। এ জন্য ব্যবসায়ী, হকার ও চালকদের সচেতন হতে হবে।

বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, বাজারে ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন রাখার জন্য নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা নেই। বাজারের দুই পাশে দুটি স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করা যায় কি না, তা নিয়ে চেষ্টা চলছে। রাস্তার পাশে পার্কিং, পণ্য ওঠানামা ও ফুটপাত দখলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। বাজারে দুজন ট্রাফিক সদস্য নিয়োগের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হবে।

বাঁকড়া বাজার কমিটির আহ্বায়ক হাজি মিজানুর রহমান বলেন, যানজট নিরসনে পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বাজারে ট্রাফিক ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা করা হবে।

স্থানীয়দের দাবি, যানজট কমাতে প্রথমে পাঁচরাস্তা ও গবিন্দমোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করা দরকার। পাশাপাশি নির্দিষ্ট পার্কিং ও যাত্রী ওঠানামার স্থান করা প্রয়োজন। ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি পণ্য ওঠানামার জন্য সময় নির্ধারণ করা যেতে পারে। প্রয়োজন অনুযায়ী বাজারের সড়ক সংস্কার ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়ারও দাবি তাঁদের। দীর্ঘমেয়াদে বাজারের যানজট কমাতে বাইপাস সড়ক নির্মাণের বিষয়টি বিবেচনার কথাও বলেছেন তাঁরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews