
হাবিবুর রহমান আপু যশোর :জনস্বার্থে দেশের প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ভৈরব নদীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টায় দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর রিজিয়ন সদর দপ্তরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ও পোনা অবমুক্ত করেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিওএম, পিএসসি।
এসময় তিনি বলেন, দেশের প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য সম্পদ দেশের অর্থনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিভিন্ন সময়ে জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে। জনসাধারণের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ, জনগণ এবং বিজিবির উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।