
মোঃ রিপন শেখ;ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মশাল মিছিল করেছেন বলে স্থানীয় সূত্র দাবি করেছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ঘটনাটি দুই দিন আগে ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে ফাজিলপুর এলাকার একটি নির্জন সড়কে মশাল হাতে একদল ব্যক্তি বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল করে দ্রুত এলাকা ত্যাগ করেন। পরদিন বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওও ভাইরাল হয়েছে।
এর প্রতিবাদে ভাঙ্গা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মানিকদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, সহ-সভাপতি ফারুকুজ্জামান ছোট্ট, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটুসহ উপজেলা, ইউনিয়ন, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন,
“রাতের অন্ধকারে মুখে মাস্ক পরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জঙ্গলের ভেতরে মশাল মিছিল করেছে বলে আমরা জেনেছি। ভাঙ্গার শান্ত পরিবেশ অশান্ত করার যে কোনো চেষ্টা হলে আমরা বসে থাকব না। শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি রাজপথে থাকবে।”
তিনি আরও বলেন, “সরকার যে সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে, তাদের নামে কোনো ধরনের তৎপরতা জনগণ মেনে নেবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা বলেন,“যদি সরকারের সিদ্ধান্তে কোনো সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, তাহলে তারা আইন অনুযায়ী রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। তবে নিষিদ্ধ অবস্থায় কোনো সংগঠন রাজপথে মিটিং-মিছিল করলে আমরা তা প্রতিহত করব।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মানিকদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু, মো. মশিউর সরদার, মো. মাসুদ শেখ, মো. রবিউল ইসলাম, মো. রওনক মুন্সী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজুল হক রিভেঞ্জ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজল তালুকদার, মো. সুমন মোল্যা, অ্যাডভোকেট জাকারিয়া, মো. ইমরান খালাসী, মো. ইমরান শেখ, মো. মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মো. রামিম মোল্যা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনি মুন্সী, এনায়েত মোল্যা, মো. বাশার মোল্যা, মো. মনিরুজ্জামান মনির, প্রচার সম্পাদক মো. মাহমুদ হাসান, দপ্তর সম্পাদক মো. মাসুম বিল্লাহ তুষার, সহ-দপ্তর সম্পাদক মো. হায়দার শেখ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. হৃদয় মুন্সী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সবুজ শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. পলাশ শেখসহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা চললেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।