
বিশেষ প্রতিনিধি:যশোর জেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১ হাজার ৫৪৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬২২ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৯২৩ জন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার যশোর জেলায় ১২ হাজার ২৮০ জন শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে ৮ হাজার ৬৯৭ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ১ হাজার ৫৪৫ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে।
উপজেলাভিত্তিক ফলাফলে যশোর সদর, শার্শা, মণিরামপুর, বাঘারপাড়া, ঝিকরগাছা, চৌগাছা, কেশবপুর ও অভয়নগর উপজেলায় সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ট্যালেন্টপুল ও সাধারণ—দুই গ্রেডেই বৃত্তি লাভ করেছে। যশোর সদর উপজেলায় সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর জানান, ২০০৯ সালের পর দীর্ঘ বিরতি শেষে ২০২৫ সালে আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের পরিবর্তে গত ১৫ থেকে ১৮ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়। কিছুটা দেরিতে হলেও ফলাফল প্রকাশ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর যথাসময়ে বৃত্তি পরীক্ষা আয়োজন ও ফল প্রকাশ সম্ভব হবে।