বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নড়াইলের লোহাগড়ায় নারী নির্যাতন মামলা পুলিশের বিরুদ্ধে আসামী না ধরার অভিযোগ মহাসড়কের পাশে পড়ে ছিল পচাগলা মরদেহ, নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার কালিগঞ্জে পৈতৃক জমিতে ভেকু দিয়ে দখলের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা ভুক্তভোগীর ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধ পাল্টাপাল্টি দখল ও মামলার অভিযোগ কেশবপুরে প্রকাশ্যেই ঘুষ নিচ্ছেন ভূমি সহকারী কর্মকর্তা, ভিডিও ভাইরাল ১৩ জুলাই বরিশাল সফরে তারেক রহমান গৌরনদীতে সেনা মহড়া পরিদর্শন, বরিশালে সাংগঠনিক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন কাশিয়ানীতে অপরাধ দমনে সক্রিয় পুলিশ, আলোচনায় ওসি মাহফুজুর রহমান

ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):
বৃহস্পতিবার ৯জুলাই ২০২৬:খুলনা-সাতক্ষীরা মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ জংশন ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট ও গোলচত্বর এলাকায় পুরোদমে সংস্কার এবং আরসিসি কংক্রিট ঢালাইয়ের নির্মাণ কাজ শুরু করেছে খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। দীর্ঘদিন ধরে এই ব্যস্ততম মহাসড়কটির বেহাল দশা ও বড় বড় খানাখন্দের কারণে সৃষ্ট চরম ভোগান্তি লাঘবে সওজ এই উদ্যোগ গ্রহণ করেছে। মাঠ পর্যায়ে এই কাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির আশায় স্বস্তি প্রকাশ করেছেন এ রুটে চলাচলকারী চালক, যাত্রী ও স্থানীয় ব্যবসায়ী মহলে।
খুলনা সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা জিরো পয়েন্ট থেকে চুকনগর-আঠারোমাইল পর্যন্ত মহাসড়কটি বাণিজ্যিক ও যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোমরা স্থলবন্দর ও মোংলা বন্দরের ভারী পণ্যবাহী যানবাহনসহ প্রতিদিন হাজার হাজার গাড়ি এই সংযোগ সড়কটি দিয়ে যাতায়াত করে। অতিরিক্ত পণ্যবাহী ট্রাক ও যানবাহনের চাপের কারণে মহাসড়কটির বিভিন্ন অংশে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্ত ও মরণফাঁদের সৃষ্টি হয়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে চুকনগর জিরো পয়েন্ট ও গোলচত্বর এলাকায় পানি জমে কাদা-পানিতে একাকার হয়ে যেত এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত।
এই জনদুর্ভোগ স্থায়ীভাবে দূর করতে সড়ক বিভাগ বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। প্রথম পর্যায়ে মহাসড়কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চুকনগরে ১ দশমিক ২ কিলোমিটার এবং খুলনার জিরো পয়েন্টে ১ দশমিক ১ কিলোমিটার অংশ জুড়ে টেকসই আরসিসি (RCC) কংক্রিট ঢালাইয়ের কাজ করা হচ্ছে। এই আরসিসি ঢালাইয়ের ফলে অতিরিক্ত লোড বা ভারি যানবাহন চলাচলেও সড়কটি দীর্ঘদিন টেকসই থাকবে বলে আশা করা হচ্ছে।
সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করে স্থানীয় বাস চালক ও মোটরসাইকেল আরোহীরা জানান, চুকনগর জিরো পয়েন্টে খানাখন্দের কারণে গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সময় অপচয়ের পাশাপাশি গাড়ির পার্টস নষ্ট হতো। এখন কাজ শুরু হওয়ায় তারা খুশি, তবে জনস্বার্থে কাজটির মান বজায় রেখে দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে খুলনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক জানান, “খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর ও জিরো পয়েন্ট এলাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে আমরা ধাপে ধাপে টেকসই সংস্কার ও পুনর্নির্মাণ কাজ হাতে নিয়েছি। প্রথম পর্যায়ে চুকনগর গোলচত্বর ও জিরো পয়েন্টের নির্দিষ্ট অংশে কংক্রিট সড়ক নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ অংশেরও উন্নয়ন করা হবে। কাজগুলো সম্পন্ন হলে এ সড়কে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং যাত্রী ও চালকরা নিরাপদে ও স্বস্তিতে যাতায়াত করতে পারবেন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews