
নিজস্ব প্রতিবেদক : যশোর কোতয়ালী মডেল থানাধীন নালিয়া বাজারে পূর্ব বিরোধের জেরে ইট দিয়ে আঘাত করে এক রাজমিস্ত্রিকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতের ছেলে বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ০৬/০৬/২০২৬ তারিখ রাত আনুমানিক ৮:৩০টার দিকে নালিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত মোঃ হাসান মোল্লা পেশায় রাজমিস্ত্রি। কাজ শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের মোঃ মাহফুজ পাটোয়ারী তার পথ আটকান।
বাদী মোঃ রাকিব মোল্লার অভিযোগ, মাহফুজ তার বাবা হাসান মোল্লাকে সহকর্মী শহিদুলের বাড়িতে গিয়েছিলেন কিনা জিজ্ঞাসা করেন। হাসান মোল্লা ‘না’ বললে মাহফুজ বারবার একই প্রশ্ন করে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে মাহফুজ একটি বড় ইট দিয়ে হাসান মোল্লার মাথা ও পায়ে সজোরে আঘাত করেন। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।
স্থানীয়দের চিৎকারে মাহফুজ ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় বিভিন্ন হুমকি-ধামকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্থানীয়রা আহত হাসান মোল্লাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
অভিযোগে রাকিব মোল্লা উল্লেখ করেন, অভিযুক্ত মাহফুজ উশৃঙ্খল ও মাদকাসক্ত প্রকৃতির যুবক। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই দ্রুত তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন তিনি।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর ০৬/০৬/২০২৬ তারিখে লিখিত এ অভিযোগ দাখিল করা হয়।