মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে তৃণমূল জাগপার উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ মণিরামপুরে ব্যাংক এশিয়ায় বয়স্ক ভাতার টাকা তুলতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নড়াইলের লোহাগড়ায় অটোভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ প্রভাষক থেকে ভুয়া ডাক্তারদের গুরু: কালীগঞ্জে মিলন স্যারের ভেটেরিনারি সিন্ডিকেট চক্র সক্রিয় সাংবাদিককে মামলা ছাড়াই পুলিশি হয়রানির অভিযোগ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়কে স্বস্তি, সংস্কারে ফিরেছে নির্বিঘ্ন চলাচল নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রভাষক থেকে ভুয়া ডাক্তারদের গুরু: কালীগঞ্জে মিলন স্যারের ভেটেরিনারি সিন্ডিকেট চক্র সক্রিয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মো: হামিদুজ্জামান জলিল, স্টাফ রিপোর্টার:ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকাসহ বিভিন্ন গ্রামে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (বিভিসি) নিবন্ধন ছাড়াই দেদার চলছে গবাদিপশুর চিকিৎসা ও কৃত্রিম প্রজনন। খোদ একটি মহাবিদ্যালয়ের প্রভাষকের প্রত্যক্ষ ইন্ধনে ও প্রশিক্ষণে গড়ে ওঠা এই ভুয়া পশু চিকিৎসক সিন্ডিকেটের অপচিকিৎসায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে গবাদিপশু। যত্রতত্র শক্তিশালী অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগে সম্প্রতি মাঠ পর্যায়ে অনুসন্ধানে থলের বেড়াল বেরিয়ে এসেছে।

অনুসন্ধানে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বাবরা গ্রামের মো: দানেশ দীর্ঘদিন ধরে কোনো ধরনের কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ (এআই ট্রেনিং) বা ডিপ্লোমা ইন লাইভস্টক সায়েন্স (ডিএলএস) কোর্স ছাড়াই গবাদিপশুতে সিমেন বা কৃত্রিম প্রজনন এবং বিভিন্ন জটিল রোগের চিকিৎসা চালিয়ে আসছেন। পশুপালকদের অভিযোগ, গরুর যেকোনো রোগবালাইয়ে তিনি রেজিস্টার্ড ভেটেরিনারি সার্জনদের মতো দেদারছে অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড প্রয়োগ করছেন। অথচ আইন অনুযায়ী নিবন্ধিত পশু চিকিৎসক ছাড়া এসব জীবনরক্ষাকারী বা ঝুঁকিপূর্ণ ওষুধ ব্যবহারের কোনো সুযোগ নেই।
এ বিষয়ে অভিযুক্ত দানেশের সাথে এই প্রতিবেদকের সরাসরি কথা হলে তিনি নিজের কোনো বৈধ প্রশিক্ষণ না থাকার কথা স্বীকার করেন। তিনি স্বীকার করেন যে, চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা তার উচিত হচ্ছে না। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা প্রশিক্ষণ ছাড়া তিনি কীভাবে এই ঝুঁকিপূর্ণ পেশায় জড়িয়ে পড়লেন—এমন প্রশ্নের জবাবে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। দানেশ জানান, তিনি বাবরা গ্রামের জামাল আহমেদ মিলন ওরফে ‘মিলন স্যার’-এর কাছ থেকে হাতে-কলমে এই অপচিকিৎসার ‘প্রশিক্ষণ’ নিয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, মূল হোতা এই জামাল আহমেদ মিলন পেশায় মহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের একজন প্রভাষক। শিক্ষকতার আড়ালে তিনি কালীগঞ্জ শহরের কোলা রোডে অবস্থিত ‘লাইফ সাইন্স ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট’ নামের একটি প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। অথচ বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের কোনো সনদ বা ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি কীভাবে একটি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষক হন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার মাধ্যমেই তৈরি হচ্ছে শত শত ভূঁইফোড় ও সনদহীন হাতুড়ে পশু চিকিৎসক, যারা মাঠে নেমে খামারি ও সাধারণ কৃষকদের সর্বস্বান্ত করছেন।
তথ্য বলছে, অভিযুক্ত জামাল আহমেদ মিলন বিভিন্ন ব্যক্তি ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) নিয়ে শহরজুড়ে একটি শক্তিশালী ভেটেরিনারি সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেটের সদস্যরা ৫ থেকে ৬টি মোটরসাইকেলে ১০ থেকে ১২ জনের একটি দলবদ্ধ বহর নিয়ে প্রতিদিন বিভিন্ন গ্রামে ছুটে যান। সেবা প্রত্যাশীর বাড়িতে দলবেঁধে হাজির হয়ে শুরু হয় তথাকথিত গবাদিপশুর চিকিৎসা।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, এই সিন্ডিকেটের ভুল চিকিৎসায় অনেক গবাদিপশু সুস্থ হওয়ার পরিবর্তে আরও অসুস্থ হয়ে পড়ে বা মারা যায়। চিকিৎসায় পশুর অবস্থার অবনতি বা মারা গেলেও পুরো বিল ও ফি নগদ পরিশোধ করতে বাধ্য হন অসহায় কৃষকরা। এ ধরনের অসংখ্য ভুক্তভোগীর মৌখিক অভিযোগের পাশাপাশি বেশ কিছু অডিও ও ভিডিও রেকর্ড এই প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে।
অনুসন্ধানে আরও জানা যায়, ইতিপূর্বে ২০২৪ সালের ১২ ও ১৩ মার্চ দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক যশোরসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সে সময় প্রশাসনের তৎপরতায় কিছুদিনের জন্য চক্রটি গা ঢাকা দিলেও সম্প্রতি তারা পুনরায় বহাল তবিয়তে তাদের অবৈধ কার্যক্রম শুরু করেছে।
বিশেষজ্ঞদের মতে, লাইসেন্সবিহীন ও অপেশাদার ব্যক্তিদের মাধ্যমে গবাদিপশুর চিকিৎসা এবং যত্রতত্র অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড ব্যবহারের ফলে একদিকে যেমন পশুর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) তৈরি হচ্ছে, অন্যদিকে খামারিরা মারাত্মক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দ্রুত মাঠে সক্রিয় এই হাতুড়ে ডাক্তার সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল ও স্থানীয় খামারিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews