
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় নিজ বসতঘরের কাঠের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে মনি আক্তার (১৮) নামে নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার খারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনি আক্তার খারদিয়া গ্রামের মো. ফরহাদ হাওলাদারের মেয়ে। সে স্থানীয় সরিফাবাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে মনির মা রোকসানা বেগম মেয়েকে বাড়িতে রেখে পাটের আঁশ ছাড়ানোর কাজে বাইরে যান। পরে বিকেল ৩টার দিকে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে মেয়েকে কাঠের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরের দরজার খিল ভেঙে ভেতরে প্রবেশ করে মনিকে নিচে নামান।
খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই আরিফ তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।