
মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের শ্রীফলকাঠিতে অসহায় ও প্রতিবন্ধীদের জন্য পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য চার বিঘা জমি দান করেছেন চিকিৎসক ডা. আবদুস সালাম, পিতা—মৃত আলহাজ্ব শামসুল হক গাইন।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) চেয়ারম্যান নিয়াজ রহিম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং বোর্ড সদস্য ড. মুহাম্মদ আবদুল মজিদ, ড. শেখ আবদুর রশীদ ও আরাস্তূ খানের সাতক্ষীরা সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শ্রীফলকাঠিতে ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তারা অংশ নেন।
সিজেডএমের সফরসূচি অনুযায়ী, সফরকারী দলটি সাতক্ষীরা ও শ্যামনগরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে। শ্যামনগরের নূরনগরে ডব্লিউসিডব্লিউসি ও জিপিএ প্রকল্প পরিদর্শনের পর তারা শ্রীফলকাঠিতে যান এবং ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন।
সফরসূচিতে খুলনা ও সাতক্ষীরায় সিজেডএমের বিভিন্ন কার্যক্রম ও প্রকল্প পরিদর্শনের পাশাপাশি সুন্দরবন এলাকা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।