
_জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা_
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে পটুয়াখালী শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলের দ্বিতীয় তলার কক্ষ থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ইমাম হাসান তামিম ও মোঃ জামাল মল্লিক। দুজনের বাড়িই পটুয়াখালী সদর থানা এলাকায়।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশে সদর থানার ওসির নেতৃত্বে এসআই মোঃ সহিদুল ইসলামের একটি চৌকস দল সোমবার রাত ৮টা ৫ মিনিটে তিতাসের মোড় এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পুরাতন বাসস্ট্যান্ডের একটি হোটেলের ৪ নম্বর কক্ষে মাদক কেনা-বেচা হচ্ছে।
খবর পেয়ে রাত ৯টা ১০ মিনিটে পুলিশ হোটেলটিতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও ইমাম হাসান তামিম ও জামাল মল্লিককে হাতেনাতে আটক করা হয়।
পরে তল্লাশি করে ইমাম হাসান তামিমের কাছ থেকে ১২০০ পিস এবং জামাল মল্লিকের কাছ থেকে ৭২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬০ টাকাও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা।
এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় মামলা-২৪ রুজু করা হয়েছে।
পটুয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ চক্রের সঙ্গে জড়িত পলাতকদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।