
নিজস্ব প্রতিবেদক যশোর: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর আদর্শ, ন্যায়বিচার, সততা, মানবপ্রেম ও ভ্রাতৃত্ববোধ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে পারলেই শান্তি ও কল্যাণ নিশ্চিত হবে। তিনি মহানবী (সা.) এর আদর্শ অনুসরণ করে একটি নৈতিক ও মানবিক সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান আলোচক ছিলেন যশোর জেলা ফতোয়া বোর্ডের সেক্রেটারি ও প্রধান মুফতি এবং যশোর রেল স্টেশন মাদ্রাসার মুফতি আব্দুর রহমান এজাজী। তিনি মহানবী (সা.) এর পবিত্র জীবন, চরিত্র ও বিশ্বমানবতার প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) এর সুন্নাহ ও আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে ইহকাল ও পরকালের প্রকৃত কল্যাণ।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মুফতি মো. মঈনুদ্দিন। তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য তুলে ধরে মহানবী (সা.) এর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব আবুল কাশেম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহানবী (সা.) এর জীবনাদর্শ মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ অনুসরণীয় আদর্শ। ইসলামের শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ মানুষের মাঝে ছড়িয়ে দিতে ইসলামিক ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি মহানবী (সা.) এর শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. ইজাজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার জনাব মো. মাসুম বিল্লাহ।
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মুফতি মো. মঈনুদ্দিন।
অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, খাদেম, মোয়াজ্জিন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।