শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

ঝিনাইদহে ৭০০ ফুটের সড়কে ৫০০ ফুটই কাদা: দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ চরম ভোগান্তিতে এলাকাবাসী

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মোঃ ফজলুল কবির গামা, ঝিনাইদহ:ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া এলাকায় মাত্র ৭০০ ফুট দীর্ঘ একটি গ্রামীণ সড়ক এখন স্থানীয় হাজারো মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এই রাস্তার প্রায় ৫০০ ফুট অংশ এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং পুরো সড়কটি হাঁটুসমান কাদায় পরিণত হয়। ফলে স্থানীয় শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুড়পাড়ার পোস্ট অফিস মোড় থেকে উত্তর-পশ্চিম দিকে সোনামিয়ার বাড়ি পর্যন্ত এই রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ৭০০ ফুট। এর মধ্যে মাত্র ২০০ ফুট অংশে ফ্ল্যাট সলিং করা হয়েছে। বাকি প্রায় ৫০০ ফুট কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না করায় বর্ষা মৌসুমে এখানে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বৃষ্টি হলে পুরো রাস্তাটি দেখে মনে হয় যেন একটি উন্মুক্ত জলাশয়। কাদার কারণে পাওয়ার টিলারসহ বিভিন্ন যানবাহন মাঝপথে আটকে যায়, যা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে স্থবির করে দিয়েছে।
এই দুর্ভোগের সবচেয়ে বড় শিকার হচ্ছে কোমলমতি শিশুরা। রাস্তাটির পাশেই রয়েছে একটি সিসিএস কিন্ডার গার্টেন (কেজি স্কুল) এবং একটি মডের নূরানী হাফেজি মাদ্রাসা। কেজি স্কুলটিতে প্রায় ১৬৫ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে এবং হাফেজি মাদ্রাসায় প্রায় ৬০ জন কোমলমতি শিশু কোরআন হিফজ করছে। প্রতিদিন এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের এই কর্দমাক্ত রাস্তা ব্যবহার করতে হয়। কাদা মাড়িয়ে স্কুলে যেতে গিয়ে প্রায়ই শিক্ষার্থীদের জামা-কাপড় ও বই-খাতা নষ্ট হয়ে যায়। অনেক সময় বাধ্য হয়ে অভিভাবকরা সন্তানদের কোলে করে রাস্তা পার করে দেন।
যাতায়াতের এই করুণ চিত্র ফুটে ওঠে স্থানীয় শিক্ষার্থীদের কথাতেও। কেজি স্কুলের ছাত্র সারজিন জানায়, বৃষ্টি হলে স্কুলে যেতে খুব কষ্ট হয় এবং অনেক সময় কাদায় পড়ে বই-খাতা নষ্ট হয়ে যায়। একই স্কুলের ছাত্রী মাইসা খাতুন আক্ষেপ করে বলে, জুতা পরে এই রাস্তায় হাঁটা যায় না, কাদা মাড়িয়েই আমাদের স্কুলে যেতে হয়। এ বিষয়ে কেজি স্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, রাস্তাটির জরাজীর্ণ অবস্থার কারণে শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এটি দ্রুত সংস্কার করা হলে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি অনেকাংশে কমবে।
শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার চাকরিজীবীদের দুর্ভোগও চরম আকার ধারণ করেছে। কাদামাখা এই রাস্তা পার হতে গিয়ে অনেকেই প্যান্ট গুটিয়ে এবং অফিস ব্যাগ হাতে নিয়ে চলাচল করতে বাধ্য হন। পোস্ট অফিস মোড়ে পৌঁছে রাস্তার পাশের টিউবওয়েলের পানি দিয়ে পা পরিষ্কার করার পর অফিসের পোশাক পরে তাদের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হতে হয়। স্থানীয় চাকরিজীবী শামিম হোসেন জানান, অফিসে যেতে প্রতিদিন এই দুর্ভোগ পোহাতে হয়, বিশেষ করে বর্ষাকালে চলাচল আরও অনেক বেশি কষ্টকর হয়ে ওঠে।
এলাকার বয়োবৃদ্ধ আব্দুর কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থা বজায় রয়েছে। জনপ্রতিনিধিদের কাছে বহুবার বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সাবেক ইউপি সদস্য বজলুর রহমান বলেন, রাস্তাটি সংস্কারের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। সরকারি বরাদ্দ পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমতাবস্থায়, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের অবর্ণনীয় দুর্ভোগের কথা বিবেচনা করে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের জোর দাবি, অবিলম্বে সড়কটি টেকসইভাবে সংস্কার করে দ্রুত চলাচলের উপযোগী করা হোক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews