
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ২ জুন ভোর পৌনে ৪টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গামুখী একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ ৫ জন মারা যান।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে ৬ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক চালকসহ ৫ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নিহতরা হলেন যশোর ঝিকরগাছার কুশলনগর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূরজাহান ৫০, তার দুই ছেলে আরিফ ইসলাম ২৪ ও রাকিব ১৮, একই এলাকার ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম ২৮। নিহত হন ২৫ বছর বয়সী অজ্ঞাত প্রাইভেটকার চালকও।
অলৌকিকভাবে বেঁচে গেছে দুই শিশু – আশরাফুল হোসেন ৭ ও তাছফিয়া ৩। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।