
যশোর আদালত চত্বরে বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক বেনজীন খানের সাথে দুইজন আইনজীবীর অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বলেন, মঙ্গলবার (২৪ মার্চ) আদালত প্রাঙ্গণের মতো একটি সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ স্থানে একজন সাংবাদিকের সঙ্গে এ অশোভন, অমর্যাদাকর ও সহিংস আচরণ অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়। এটি শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; বরং স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও সরাসরি আঘাত।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক বেনজীন খান দীর্ঘদিন ধরে একটি মামলার বাদী হিসেবে নিয়মিত আদালতে উপস্থিত হয়ে আসছেন। তার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীদের এমন আচরণ পেশাগত নৈতিকতা, শালীনতা ও আইনি সংস্কৃতির পরিপন্থী।
তারা আরও বলেন, আদালত প্রাঙ্গণ ন্যায়বিচার ও শৃঙ্খলার প্রতীক। সেখানে এ ধরনের আচরণ বিচারব্যবস্থার ভাবমূর্তি ক্ষুন্ন করে এবং সাধারণ মানুষের আস্থা নষ্ট করে।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে আদালত প্রাঙ্গণে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।