
নিজস্ব প্রতিবেদক:মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ডিএডি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এসআরবি পরিবার। মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
জানা যায়, মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে এসআরবি ফেনী ক্যাম্পের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর স্টারলাইন ফুয়েল পাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে।
এ সময় একটি দ্রুতগতির ট্রাক গতি না কমিয়ে চেকপোস্টে থাকা অপর একটি কাভার্ড ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়ক থেকে অল্প দূরে দাঁড়ানো এসআরবি-৭ ফেনী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। এ সময় ট্রাক চালক মোহাম্মদ সজীবও গুরুতর আহত হন।
পরে আহত দুজনকে দ্রুত উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়ারেন্ট অফিসার আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।