
মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নগরকান্দা উপজেলার লস্কন্দী ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে চয়ন মোল্লা (২৩) এবং একই গ্রামের আজগার শেখের ছেলে সজিব (২২) ওরফে সিয়াম। নিহত চয়ন মোল্লা সৌদি আরবপ্রবাসী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত ব্যক্তি হলেন একই গ্রামের ইনায়েত মোল্লার ছেলে নয়ন মোল্লা (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে চয়ন, সজিব ও নয়ন একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা থেকে নগরকান্দার বাড়ির দিকে যাচ্ছিলেন। নওপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে এবং দুইজনই গুরুতর আহত হন ঘটনাস্থলেই চয়ন মোল্লা নিহত হন ।
পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব (২২) মারা যান বলে জানা গেছে। আহত নয়ন মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ ও পালিয়ে যাওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা করছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুরের হাসপাতালে পাঠানো হলে সেখানে সজিব নামে একজন মারা যান। দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।”