যশোর প্রতিনিধি: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোর্তজা হোসেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খানের স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ পদে মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার সেগুনবাগিচায় বিএমএ ভবন অডিটোরিয়ামে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত দেশের বিভিন্ন বেসিক ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে ফেডারেশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জনাব আব্দুর রহিম বক্স দুদুকে সভাপতি এবং মো. হুমায়ুন কবির খানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
একই চিঠিতে মো. মোর্তজা হোসেনকে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করার কথা জানিয়ে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
চিঠিতে আরও আশা প্রকাশ করা হয়, তাঁর নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং সংশ্লিষ্ট বেসিক ইউনিয়ন আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।
যশোরের পরিবহন শ্রমিক সংগঠনের একজন নেতার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়াকে সংগঠনের জন্য তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।