বিশেষ প্রতিবেদক:বাংলাদেশকে ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল জাগপা প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মো. নিজামদ্দিন অমিত।
এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সাল থেকেই বাংলাদেশকে সিকিম, জুনাগড় ও হায়দ্রাবাদের মতো পরিণত করার যে লালসা ও স্বপ্ন ভারত লালন করছে, উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের বক্তব্যে তা আবারও প্রকাশ পেয়েছে। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে নিয়ে এ ধরনের বক্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি।
অমিত বলেন,ভারতসহ কোনো বিদেশি শক্তি বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ড দখলের দুঃসাহস দেখালে দেশের ১৮ কোটি মানুষ বুকের তাজা রক্ত দিয়ে তা প্রতিহত করবে।
তিনি আরও বলেন, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার ১৬ ডিসেম্বর বাংলাদেশে প্রবেশের ঘোষণার পরপরই ভারতীয় মন্ত্রীর এমন বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।
বিবৃতিতে ভারতের মোদি সরকারের সমালোচনা করে অমিত অভিযোগ করেন, দেশটিতে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন, জোরপূর্বক ধর্মান্তর, মসজিদ-মাদ্রাসা ধ্বংসসহ বিভিন্ন ধরনের নিপীড়ন চালানো হচ্ছে।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের মাটিতে উগ্র হিন্দুত্ববাদী আধিপত্যবাদ চলবে না। ভারত যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তাহলে মোদি সরকারের পক্ষ থেকে এ ধরনের বক্তব্যের জন্য বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।
তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।