নিজেস্ব প্রতিবেদক| যশোর বুলেটিন:যশোরের অভয়নগরে অবৈধভাবে পাচারের সময় আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের ১৫০ টন সরকারি গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করেছে এসআরবি-৬ ও নৌ পুলিশের যৌথ আভিযানিক দল। এ ঘটনায় ছয়জনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে পাঁচজন গ্রেপ্তার রয়েছেন। তবে জাহাজের মাস্টার পালিয়ে গেছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ৩টার দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফরাজি ঘাটে অভিযান চালিয়ে এসব গম ও লাইটার জাহাজ জব্দ করা হয়।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বিদেশ থেকে সমুদ্রপথে আমদানি করা গমের একটি চালান মোংলা বন্দরে আসার পথে বাগেরহাটের হারবাড়িয়া এলাকায় একটি চক্র বিদেশি জাহাজ থেকে আনুমানিক ১৫০ টন গম অন্য একটি বাংলাদেশি লাইটার জাহাজে খালাস করে। পরে ওই গম যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বেঙ্গল খেয়াঘাটে নিয়ে আসা হয়।
এ তথ্যের ভিত্তিতে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি ও নৌ পুলিশ, অভয়নগর যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় ১৫০ টন সরকারি গম, একটি লাইটার জাহাজসহ ছয়জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে এসআরবি-৬ ও নৌ পুলিশের সদস্যদের পাশাপাশি অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু এবং সহকারী কমিশনার (ভূমি) আবির আনসারী উপস্থিত ছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের, জব্দ করা গম ও লাইটার জাহাজ নৌ পুলিশ অভয়নগরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: এসআরবি-৬