নিজেস্ব প্রতিবেদক: বাগেরহাট সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯ দশমিক ৮ কেজি গাঁজাসহ মোঃ মারুফ আকন (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি-৬।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে বাগেরহাট পৌরসভা এলাকার দড়াটানা টোল প্লাজার পশ্চিম পাশে মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মারুফ আকনকে ৯ দশমিক ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মারুফ আকন পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার পূর্ব ভাণ্ডারিয়া আকনবাড়ি এলাকার মৃত মিজান আকনের ছেলে।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
অভিযানে উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগেরহাট সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। একই সঙ্গে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।