নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১ হাজার ৪৩১ বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাফসহ তানজিল আকন ওরফে ইমরান (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের বগা গ্রাম এলাকায় যাদবপুর-মহেশপুর সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি সিলভার রঙের প্রাইভেটকার তল্লাশি করে ১ হাজার ৪৩১ বোতল স্কাফ উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের অভিযোগে গাড়িতে থাকা তানজিল আকন ওরফে ইমরানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তানজিল আকন বরগুনা জেলার তালতলী থানার শারিকখালী গ্রামের মো. রহিমের ছেলে।
অভিযানকালে উদ্ধার করা মাদকদ্রব্য ও পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধার করা আলামতসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।